Nirbhik Bangla
দুর্গাপুর

অতিরিক্ত মজুত ও কালোবাজারি রুখতে বেনাচিতির বাজারে আকস্মিক হানা পুলিশ ও প্রশাসনের

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ এ ০৮:৪৪ AM
WhatsApp
অতিরিক্ত মজুত ও কালোবাজারি রুখতে বেনাচিতির বাজারে আকস্মিক হানা পুলিশ ও প্রশাসনের
Nirbhik Bangla Photo
বাজারদর নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি রুখতে তৎপর হলো প্রশাসন। মঙ্গলবার দুর্গাপুরের ব্যস্ততম বেনাচিতি বাজারের শালবাগান এলাকায় একটি বড় চিনির গোডাউনে হানা দেন দুর্গাপুর মহকুমা প্রশাসন, দুর্গাপুর নগর নিগম (ডিএমসি), এগ্রিকালচার মার্কেটিং দপ্তর এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সাম্প্রতিক সময়ে বাজারে চিনিরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম লাগামছাড়াভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই যৌথ অভিযান চালানো হয়।

এদিনের এই আকস্মিক অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট রাসপ্রীত সিং, এসিপি সুবীর রায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ পুলিশ বাহিনী এবং প্রশাসনের অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। গোডাউনে প্রবেশ করে তাঁরা প্রতি বস্তা চিনির বর্তমান বাজারদর, স্টক রেজিস্টার এবং পাইকারি বিক্রির সম্পূর্ণ প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুম বা সাধারণ সময়েও একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে বাজারে পণ্যের সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করে থাকে। সাধারণ মানুষের পকেটে টান পড়া এবং বাজারদর নাগালের বাইরে চলে যাওয়া রোধ করতেই এই কঠোর পদক্ষেপ। গোডাউন মালিক বা ব্যবসায়ীরা কোনো নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত পণ্য মজুত করছেন কি না, তাও খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, কালোবাজারি ও মুনাফাখোরদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও অবিরাম চলবে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থান নেবে।
ট্যাগসমূহ:Nirbhikbangla
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য