মাস্টার কি ব্যবহার করে আলমারি খুলে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিল্পশহর দুর্গাপুরে। দিনের আলোয় জনবহুল এলাকায় এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থানার বেনাচিতির নিবেদিতা প্লেস এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিবেদিতা প্লেস এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার মোহন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। গত বুধবার পরিবারের সদস্যরা প্রত্যেকেই কিছু না কিছু কাজে বাড়ির বাইরে ছিলেন। পরিকল্পনা মাফিক সেই সুযোগটাই কাজে লাগায় দুষ্কৃতীরা। মোহনবাবুর স্ত্রী ও ছেলে বাড়ির পাশেই একটি ধর্মীয় আশ্রমে গিয়েছিলেন। অন্যদিকে, মোহনবাবু নিজে গিয়েছিলেন শ্মশানে। ঠিক সেই সময় বাড়িটি কার্যত ফাঁকা ছিল। আর এই ফাঁকা বাড়িকেই বেছে নেয় চোরের দল।
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, দুষ্কৃতীরা অত্যন্ত সুকৌশলে বাড়িতে প্রবেশ করে। আশ্চর্যের বিষয় হলো, ঘরের আলমারি ভাঙার কোনো চিহ্ন পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, আলমারির মূল চাবির পরিবর্তে কোনো 'মাস্টার কি' বা চাবিকাঠি ব্যবহার করে আলমারি খোলা হয়েছে। আলমারি খোলার পাশাপাশি গোটা ঘর ও খাট তছনছ করা হয়। পরিবারের দাবি, আলমারি থেকে দশ ভরিরও বেশি সোনার অলংকার চুরি গেছে। এর মধ্যে মোহনবাবুর স্ত্রী, ছেলে এবং তাঁর শাশুড়ির বহুমূল্য গয়নাও ছিল। গয়নার পাশাপাশি ঘরে থাকা নগদ টাকাও লুট করা হয়েছে বলে অভিযোগ।
দিনের বেলায় এভাবে ফাঁকা বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার সম্পত্তি চুরির ঘটনায় প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা নিয়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় এই ধরনের চুরির ঘটনায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দুর্গাপুর
নিবেদিতা প্লেসে ঠিকাদারের বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক, তদন্তে দুর্গাপুর থানার পুলিশ

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
