পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুর্ডিহি চেকপোস্টে জাতীয় সড়ক ১৯-এর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকে হঠাৎ আগুন লেগে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ততম এই জাতীয় সড়কে মাঝেমধ্যেই নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, তবে এই ঘটনায় বড় ধরণের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ওই এলাকায় বড় বড় পণ্যবাহী গাড়িগুলি পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল। ট্রাক চালক এম ডি সিরাজের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ঝাড়খণ্ডের নির্সা এলাকা থেকে কয়লা বোঝাই করে পশ্চিমবঙ্গের রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে কুলটির ডুবুর্ডিহি চেকপোস্টের কাছে জাতীয় সড়কের পাশে একটি স্থানীয় পার্কিংয়ে গাড়িটি দাঁড় করিয়েছিলেন তিনি। সেই সময় হঠাৎ করেই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে শুরু করে।
আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয় এলাকাবাসী ও ট্রাক চালকদের মধ্যে পড়িমরি করে ছোটাছুটি শুরু হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সাহসিকতা এবং যৌথ তৎপরতায় আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালানো হয়। একইসঙ্গে খবর দেওয়া হয় দমকল দপ্তরে। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট না হলেও, ট্রাকের চালক এম ডি সিরাজ দাবি করেছেন যে তাঁর গাড়িতে থাকা কয়লা এবং সমস্ত কাগজপত্র সম্পূর্ণ বৈধ ছিল। সৌভাগ্যবশত, এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, শর্ট সার্কিট নাকি অন্য কোনো অন্তর্ঘাত, তা খতিয়ে দেখছে দমকল দপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ব্রেকিং নিউজ
কুলটির ডুবুর্ডিহি চেকপোস্টে চলন্ত ট্রাকে আগুন, বড় বিপদের হাত থেকে রক্ষা

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
