ইসলামপুরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম খুনে গ্রেফতার ২, ঘটনার ২২ দিনের মাথায় পুলিশের হাতে এল বড় সাফল্য।
ইসলামপুর শহরের আম বাগান কলোনি ওল্ড স্টেশন বস্তি এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট প্রধান শিক্ষক নজরুল ইসলাম খুনের ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা। ঘটনার ২২ দিন অতিক্রান্ত হওয়ার পর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। এই ঘটনায় ধৃতদের মধ্যে ইসলামপুর শহরের সংবেদনশীল আলীনগর এলাকার এক মহিলাও রয়েছেন, যাঁর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই হত্যাকাণ্ডের মূল চক্রী বা অনান্য অভিযুক্তদের নাগাল পেতে ভিনরাজ্যেও অভিযান চালায় পুলিশ। সূত্র মারফত জানা গেছে, ইতিমধ্যেই দিল্লি থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে ট্রানজিট রিমান্ডে ইসলামপুরে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক নজরুল ইসলামের রহস্যমৃত্যু ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা ইসলামপুর এলাকা। প্রিয় শিক্ষকের এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক সমাজ এবং তাঁর পরিবার। ঘটনার পর দীর্ঘ ২২ দিন ধরে তদন্ত চালিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলেও, শেষ পর্যন্ত পুলিশের এই জোড়া গ্রেফতারিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মৃতের পরিবার ও এলাকাবাসী। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের জেরা করে এই খুনের নেপথ্যে ঠিক কী কারণ ছিল এবং আর কারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে, তা দ্রুত পরিষ্কার করা সম্ভব হবে।
অপরাধ
প্রধান শিক্ষক হত্যা মামলায় বড় অগ্রগতি, ইসলামপুর পুলিশের জালে দুই অভিযুক্ত

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
