সাইবার প্রতারণা কাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ। দুর্গাপুর থেকে এক কুখ্যাত যুবককে গ্রেফতার করা হয়েছে, যাকে এই চক্রের 'পান্ডা' বলেই চিহ্নিত করেছে তদন্তকারীরা। ধৃতের নাম সোনু মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত জামতারা গ্যাংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে দুর্গাপুর এবং তার আশেপাশের এলাকায় একটি শক্তিশালী সাইবার প্রতারণার নেটওয়ার্ক চালাচ্ছিল সে।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্গাপুরের টাউনশিপ এলাকায় বসবাসকারী সোনু সাধারণ মানুষকে আর্থিক প্রলোভন ও সহজ উপায়ে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে একাধিক যুবক-যুবতীকে এই বেআইনি চক্রে যুক্ত করত। এরপর তাদের মাধ্যমেই মূলত সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার মতো সাইবার প্রতারণার কাজ চালানো হত। দীর্ঘদিন ধরেই এই চক্রটি পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন ফন্দিফিকির করে যাচ্ছিল।
গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর পেয়ে রবিবার গভীর রাতে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ সোনুর বাড়িতে আচমকা অভিযান চালায়। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন এবং অন্যান্য হাই-টেক ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত ডিভাইসগুলির ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যেখান থেকে আরও বহু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে অনুমান করছেন তদন্তকারী কর্মকর্তারা।
সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ধৃত সোনু মণ্ডলকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারক তাকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এখন হেফাজতে নিয়ে তাকে জেরা করে এই বিশাল সাইবার অপরাধ চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তাদের জাল কতদূর বিস্তৃত এবং এই চক্রের মূল মাথাদের নাগাল পেতে জোর তল্লাশী শুরু করেছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে এই ধরনের সাইবার অপরাধ দমনে পুলিশ প্রশাসন এখন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
অপরাধ
প্রলোভন দেখিয়ে যুবকদের সাইবার অপরাধে ব্যবহার! দুর্গাপুর থেকে গ্রেফতার মাস্টারমাইন্ড

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Durgapur news
