Nirbhik Bangla
অপরাধ

সাইবার অপরাধের হটস্পট কুলটি: নিয়ামতপুরে যৌথ পুলিশ বাহিনীর বিশাল তল্লাশি

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:৩৯ AM
WhatsApp
সাইবার অপরাধের হটস্পট কুলটি: নিয়ামতপুরে যৌথ পুলিশ বাহিনীর বিশাল তল্লাশি
সাইবার অপরাধ দমনে কুলটির নিয়ামতপুরে যৌথ পুলিশ বাহিনীর বিশাল তল্লাশি অভিযান।|Nirbhik Bangla Photo
কুলটির নিয়ামতপুর হরিজন পাড়ায় সকাল থেকেই চলছে পুলিশের জোরদার অভিযান। শ্যাম দাস আসানসোল থেকে প্রেরিত সংবাদে প্রকাশ, সাম্প্রতিক সময়ে এই এলাকাটি সাইবার অপরাধের একটি অন্যতম হটস্পট হিসেবে প্রশাসনের নজরে এসেছে। দেশজুড়ে সংঘটিত একাধিক চাঞ্চল্যকর সাইবার প্রতারণা এবং আর্থিক দুর্নীতির সঙ্গে এই অঞ্চলের বেশ কয়েকজন যুবকের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই তথ্যের ভিত্তিতেই আজ আসানসোল সাইবার ক্রাইম থানা ও কুলটি থানার যৌথ উদ্যোগে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি বিশাল পুলিশ বাহিনীর নেতৃত্বে এই আকস্মিক ও ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।

একাধিক সাইবার অপরাধীর ডাঁটি হিসেবে পরিচিত এই হরিজন পাড়ায় পুলিশের হঠাৎ এই হানায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ও পথচলতি মানুষের মধ্যে তৈরি হয় ব্যাপক তোলপাড়। পুলিশ সূত্রে খবর, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই অভিযান পরিকল্পনা করা হয়েছিল যাতে অপরাধীরা কোনোভাবেই সতর্ক হওয়ার সুযোগ না পায়। তল্লাশি চলাকালীন বেশ কিছু সন্দেহজনক ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, সিম কার্ড এবং জাল নথিপত্র বাজোপ্ত করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

প্রাথমিক অভিযানে পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে এবং তাদের বর্তমানে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। তারা ঠিক কী ধরণের সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত এবং তাদের সঙ্গে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক কোনো চক্রের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সাইবার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের মূল হোতাদের পাকড়াও না করা পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
ট্যাগসমূহ:Nirbhikbangla
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য