বাঁকুড়া: চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন একসময়ের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা যুব সংগঠনের শীর্ষস্থানীয় মুখ রাজীব ঘোষাল। অতীতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলয়ে তাঁর যাতায়াত ছিল বলে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা রয়েছে। বুধবার ধৃত ওই তৃণমূল নেতাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে বেলিয়াতোড় থানা এলাকার সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন এবং তাঁকে লক্ষ্য করে 'চোর, চোর' স্লোগান দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জঙ্গলমহলের রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব ঘোষাল একসময় বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকার অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন। তৃণমূল কংগ্রেসে যখন পৃথক যুব সংগঠন তৈরি হয়, সেই প্রাথমিক পর্যায়ে রাজীববাবুকে বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছিল। সেই সূত্রেই তিনি তৎকালীন যুব তৃণমূলের সর্বেসর্বা তথা বর্তমান জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে চলে আসেন। জেলার রাজনৈতিক সভা-সমিতিতে তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো।
তবে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে আসার পরই তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে বেলিয়াতোড় থানার এক স্থানীয় বাসিন্দা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, এলাকারই আরেক তৃণমূল নেতা পল্লব পাণ্ডে তাঁকে বড়জোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু টাকা নেওয়ার পরও দীর্ঘ সময় কেটে গেলেও কোনও চাকরি মেলেনি। উল্টে বারবার টাকা ফেরত চাইলে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ওই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে বেলিয়াতোড় থানার পুলিশ। পুলিশ প্রথমে পল্লব পাণ্ডেকে গ্রেফতার করে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর রাজীব ঘোষালের নাম উঠে আসে। পুলিশ জানতে পারে, এই পুরো দুর্নীতির নেপথ্যে মূল মাথা ছিলেন রাজীব ঘোষালই। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কলকাতা থেকে রাজীব ঘোষালকে গ্রেফতার করে পুলিশ। আজ সকালে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্যে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। আদালতের বাইরে স্থানীয়দের ক্ষোভ ও বিক্ষোভ প্রমাণ করে যে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের দুর্নীতি নিয়ে ক্ষোব কতখানি পুঞ্জীভূত হয়ে রয়েছে।
অপরাধ
টাকা নিয়েও চাকরি মেলেনি, বাঁকুড়ায় জালিয়াতির অভিযোগে ধৃত প্রভাবশালী তৃণমূল নেতা

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
