Nirbhik Bangla
রাজ্য

কলকাতা সফরে গৌতম আদানি, কালীঘাটে পুজো দিলেও বিনিয়োগ নিয়ে বজায় রাখলেন নীরবতা

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৮:৪২ AM
WhatsApp
কলকাতা সফরে গৌতম আদানি, কালীঘাটে পুজো দিলেও বিনিয়োগ নিয়ে বজায় রাখলেন নীরবতা
Nirbhik Bangla Photo
কলকাতা: গতকাল রাতে হঠাৎ করেই তিলোত্তমা নগরীতে পা রাখেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে তিনি সপরিবারে কলকাতার ঐতিহাসিক কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর দর্শন নেন এবং পুজো দেন। কঠোর নিরাপত্তার চাদরে মোড়া ছিল পুরো মন্দির চত্বর।

এদিন সকালে পরিবারকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পৌঁছান গৌতম আদানি। মন্দিরের পুরোহিতদের তত্ত্বাবধানে তিনি নিষ্ঠাভরে মা কালীর পুজো দেন এবং দেশবাসীর কল্যাণ ও সমৃদ্ধির প্রার্থনা করেন। দীর্ঘক্ষণ মন্দির চত্বরে থেকে তিনি পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। তাঁর এই মন্দির দর্শনকে কেন্দ্র করে সাধারণ ভক্ত ও স্থানীয় মানুষের মধ্যেও কৌতূহল দেখা যায়।

পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে আসার সময় গৌতম আদানিকে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তাঁর এই হঠাৎ কলকাতা সফর এবং শিল্প বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন সাংবাদিকদের পক্ষ থেকে করা হলেও, তিনি মুখে কুলুপ আঁটেন। সংবাদমাধ্যমের কোনো প্রশ্নেরই উত্তর দেননি এই শিল্পপতি। এরপর অপেক্ষারত কনভয়ে সওয়ার হয়ে দ্রুত গতিতে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে যান তিনি। তবে তাঁর এই কলকাতা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অর্থনীতি ও শিল্প জগতের একাংশের মতে, আগামী দিনে বাংলায় কোনো নতুন বিনিয়োগের পরিকল্পনা নিয়েই তাঁর এই সফর হতে পারে, যদিও আদানি গ্রুপের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ট্যাগসমূহ:Nirbhikbangla
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য