শ্যাম দাস, আসানসোল: বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ছবি ও পোস্টার অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া আসানসোলের বর্ষীয়ান কংগ্রেস নেতা অরূপ মুখোপাধ্যায় অবশেষে আদালত থেকে জামিন পেয়ে বুধবার আসানসোল বিশেষ সংশোধনগার থেকে মুক্তি পেলেন। টানা চার দিন জেল হেফাজতে থাকার পর তিনি বাইরে আসতেই জেলের প্রধান ফটকের সামনে অপেক্ষারত দলীয় কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে।
জেল থেকে বের হওয়া মাত্রই দলীয় কর্মীরা তাঁকে ফুলের মালায় ভূষিত করেন এবং তাঁর সমর্থনে ও রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার স্লোগান দিতে থাকেন। এই অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের শীর্ষ নেতা শাহ আলম, বিশ্বনাথ যাদব সহ একাধিক স্থানীয় পদাধিকারী ও বহু কর্মী।
বিতর্কের সূত্রপাত হয়েছিল সদ্য সমাপ্ত দুর্গাপূজার সময়। মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দুর্গাপূজার দিনগুলিতে আমিষ খাবার না খাওয়ার জন্য একটি আপত্তিকর বার্তা দেন। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও দুর্গাপূজায় ভোজনের অভ্যাসের ওপর আঘাত হিসেবে দেখে স্থানীয় কংগ্রেস কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে অরূপ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা আসানসোলে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বাগেশ্বর বাবার ছবি ও পোস্টার পোড়ান বলে অভিযোগ ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল শিল্পাঞ্চলের রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে একটি লিখিত ডায়েরি করা হয়। দায়ের হওয়া সেই এফআইআরের ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তৎপরতা দেখিয়ে মহিশীলা কলোনির নিজ বাসভবন থেকে ৪৩ বছর বয়সি অরূপ মুখোপাধ্যায়কে গ্রেফতার করে।
দীর্ঘ চার দিন জেল হেফাজতে থাকার পর আদালত তাঁর জামিন মঞ্জুর করায় বুধবার তিনি মুক্ত হন। সংশোধনগার থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এই কংগ্রেস নেতা। তিনি অভিযোগ করে বলেন, "বর্তমানে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার বলে কিছু অবশিষ্ট নেই। বিরোধীদের কণ্ঠরোধ করতেই বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তবে আইনি লড়াই ও রাজপথের আন্দোলন থামবে না।"
ঘটনাকে কেন্দ্র করে আসানসোল শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে চরম জল্পনা ও শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে উঠেছে।
রাজনীতি
'বিরোধীদের কণ্ঠরোধ করতেই মিথ্যা মামলা', আসানসোল জেল থেকে বেরিয়েই সরব অরূপ মুখোপাধ্যায়

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
