আসানসোল প্রতিনিধি, শ্যাম দাস: ভোটার তালিকা বা এসআইআর (SIR)-এ বাদ পড়া নামগুলির দ্রুত শুনানির দাবিতে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে মঙ্গলবার সকালে উত্তাল হয়ে উঠল আসানসোল মহকুমাশাসক দপ্তর। নির্বাচন কমিশনের নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এদিন সকালে আসানসোল নর্থ ব্লকের কংগ্রেস কমিটির সদস্য তথা বিশিষ্ট প্রবীণ নেতা ও প্রাক্তন কাউন্সিলর এস এম মুস্তাফার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা মিছিল করে মহকুমাশাসক দপ্তরে পৌঁছন। সেখানে তারা দীর্ঘক্ষণ ধরে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ চলাকালীন এস এম মুস্তাফা গণমাধ্যমকে জানান, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর নামে শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলাতেই সুপরিকল্পিতভাবে কয়েক হাজার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের এই পক্ষপাতদুষ্ট নীতির ফলে নেপথ্যে শাসক দল ও বিজেপি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এবং বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই চক্রান্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে শুধুমাত্র যে ভোটদানের অধিকার খর্ব হচ্ছে তা নয়, এর জেরে সাধারণ মানুষ সরকারের সমস্ত রকম জনকল্যাণমূলক প্রকল্প এবং আইনি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এই বাদ পড়া নামগুলির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে নির্বাচন কমিশন তা সম্পন্ন করেনি।
কংগ্রেস নেতৃত্বের পরিষ্কার দাবি, আসন্ন পৌরনিগম নির্বাচনের আগেই অবিলম্বে এই বাদ পড়া নাগরিকদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ শুনানির ব্যবস্থা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পশ্চিম বর্ধমান
পৌর নির্বাচনের আগেই বাদ পড়া নাম নথিভুক্ত করার দাবি, আসানসোলে হুঁশিয়ারি কংগ্রেস নেতৃত্বের

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
