স্বাস্থ্য
এক দিনে ১০ শিশুর মৃত্যু মালদা মেডিকেলে, রিপোর্ট তলব করল স্বাস্থ্যভবন

Nirbhik Bangla Photo
মালদা: একই দিনে ১০টি নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাজ্যে শিশু মৃত্যুর এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যভবন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। মেডিকেল কলেজ সূত্রে খবর, গত অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করে নেয়। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ওই দিন যে ১০ জন শিশুর মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে আটজনকেই আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ, ওই আটটি শিশুর জন্ম হয়েছিল অন্য কোনও গ্রামীণ হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র কিংবা বেসরকারি নার্সিংহোমে। মূলত মারাত্মক শ্বাসকষ্ট, তীব্র জন্ডিস এবং জন্মগত হার্টের জটিল সমস্যার কারণে শিশুগুলির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানান, সম্প্রতি মেডিকেলে একদিনে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে মাত্র দুজনের জন্ম হয়েছিল এই হাসপাতালে। বাকি আটজনকে অত্যন্ত সংকটজনক অবস্থায় বিভিন্ন প্রান্ত থেকে রেফার করে এখানে আনা হয়েছিল। তিনি আরও জানান, ঘটনার পরই স্বাস্থ্যভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আমরা ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই একটি বিস্তারিত পূর্ণাঙ্গ রিপোর্টও পাঠিয়ে দেওয়া হবে।
ট্যাগসমূহ:Nirbhikbangla
