Nirbhik Bangla
রাজনীতি

আসানসোলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, তৃণমূলের প্রাক্তন নেত্রীর যোগদান রদের দাবি কুলটি ব্লক নেতৃত্বের

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ এ ০৮:২৭ AM
WhatsApp
আসানসোলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, তৃণমূলের প্রাক্তন নেত্রীর যোগদান রদের দাবি কুলটি ব্লক নেতৃত্বের
Nirbhik Bangla Photo
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত নিয়ামতপুরে স্থিত কুলটি ব্লক কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আসানসোলের রাজনৈতিক অঙ্গনে কংগ্রেসের মধ্যকার অভ্যন্তরীণ ক্ষোভ ও অসন্তোষ এখন পুরোপুরি প্রকাশ্যে এসেছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে আসানসোলের ঐতিহ্যবাহী গির্জা মোড় এলাকায় অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে একটি বড়সড় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেই কর্মসূচিতে কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহিলা ব্লক সভানেত্রী তাঁর বহু অনুগামী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তৃণমূল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। জেলা নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হলেও, তা সহজভাবে নিতে পারছেন না কুলটির স্থানীয় ব্লক কংগ্রেস নেতারা।

রবিবার নিয়ামতপুর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্বের মূল অভিযোগ ছিল, স্থানীয় ব্লক কমিটিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এবং কোনো রকম প্রাথমিক আলোচনা ছাড়াই আসানসোলে এই যোগদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লক কংগ্রেসের নেতৃত্ব স্পষ্ট জানান, স্থানীয় সংগঠন ও কর্মীদের উপেক্ষা করে করা এই যোগদান তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না। কর্মী-সমর্থকদের ভাবাবেগের কথা মাথায় রেখে ইতিমধ্যেই এই বিষয়ে কংগ্রেসের উচ্চ নেতৃত্বকে লিখিত ও মৌখিকভাবে বিস্তারিত জানানো হয়েছে। একই সঙ্গে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ নেতৃত্বের কাছে এই বিতর্কিত যোগদান অবিলম্বে বাতিল করার জোরালো দাবি জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কুলটি ও আসানসোল অঞ্চলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে চলে এল বলে মনে করছে অভিজ্ঞ রাজনৈতিক মহল।
ট্যাগসমূহ:Nirbhikbangla
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য