আসানসোলের কুলটির বিদ্যাসাগর বা বিবি কলেজের অধ্যক্ষকে পদ থেকে সরানো হবে না। এই বিষয়ে কঠোর অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্যের মন্ত্রী তথা ওই কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি অগ্নিমিত্র পাল। কলেজ চত্বরে সাম্প্রতিক বিশৃঙ্খলা ও অধ্যক্ষকে হেনস্থার চেষ্টার তীব্র সমালোচনা করে তিনি সাফ জানিয়ে দেন, চাপ সৃষ্টি করে কোনও ফায়দা তোলা যাবে না। বৃহস্পতিবার সকালে বার্নপুরের এবি টাইপ দুর্গোৎসবের খুঁটি পুজোয় যোগ দিয়ে মন্ত্রী এই বিষয়ে হুঙ্কার ছাড়েন।
সম্প্রতি বিবি কলেজে এবিভিপি সমর্থিত কিছু ছাত্রছাত্রীর একাংশের পক্ষ থেকে অধ্যক্ষকে বদলি বা সাসপেন্ড করার দাবিতে যে আন্দোলন ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তার তীব্র নিন্দা করেন মন্ত্রী। তিনি সরাসরি বলেন, বিগত বাম জমানায় ছাত্র পরিষদের সদস্যরা যেভাবে ক্লাস না করে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার জোরে পাশ করার সংস্কৃতি তৈরি করেছিল, বর্তমান সরকার সেই পথে হাঁটবে না। পড়াশোনা না করে পরীক্ষার বৈতরণী পার হওয়ার জন্য কলেজ অধ্যক্ষকে অন্যত্র বদলি বা সাসপেন্ড করার যে হুমকি দেওয়া হচ্ছে, তা বিজেপি সরকার কখনই বরদাস্ত করবে না। ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, নিজেদের মানসিকতা বদলাতে হবে এবং কলেজ ক্যাম্পাসে কোনোপ্রকার হুমকি বা ধমকির রাজনীতি বরদাস্ত করা হবে না।
কলেজের শৃঙ্খলা বজায় রাখতে এ দিন বেশ কিছু কঠোর পদক্ষেপের নির্দেশও দেন গভর্নিং বোর্ডের সভাপতি। তিনি জানান, ক্যাম্পাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে সিসি ক্যামেরা বসাতে হবে এবং পর্যাপ্ত সুরক্ষাকর্মী নিয়োগ করতে হবে। পাশাপাশি, কলেজ চত্বরে প্রবেশ ও পঠনপাঠনের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি পড়ুয়াকে বাধ্যতামূলকভাবে গলায় পরিচয়পত্র বা আইডি কার্ড ঝুলিয়ে রাখতে হবে। এছাড়াও, সম্প্রতি কলেজে ঘটে যাওয়া ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনার বিষয়ে পুলিশ কমিশনারকে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে, এদিন রাজ্যের শিল্পায়ন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও মুখ খোলেন মন্ত্রী অগ্নিমিত্র পাল। বিগত বাম সরকারের জমানার কথা উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে শিল্পায়নের কিছু সদিচ্ছা নিয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন, কিন্তু নানা প্রতিকূলতার কারণে তা সফল হয়নি। পরবর্তীতে রাজ্যে পটপরিবর্তন হলেও শিল্পের নামে কেবল বড় বড় সভা ও বৈঠকই সার হয়েছে, বাস্তবে কোনো উল্লেখযোগ্য শিল্প গড়ে ওঠেনি। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর এবং রাজ্যে কর্মসংস্থান ও শিল্প আনতে সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন মন্ত্রী।
আসানসোল
কলেজে বিশৃঙ্খলা বরদাস্ত নয়, সিসি ক্যামেরা ও আইডি কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ

ট্যাগসমূহ:Nirbhikbangla
