অপরাধ
সাইবার অপরাধের নতুন হটস্পট বাঁকুড়া, জঙ্গলমহল থেকে গ্রেপ্তার ৭ আন্তর্জাতিক প্রতারক

Nirbhik Bangla Photo
দেশজোড়া ৭২ কোটি টাকার সাইবার প্রতারণার এক বিশাল চক্রের পর্দাফাঁস করল বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা থেকে এই আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সাইবার অপরাধ চক্রের মূল ৭ পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অপরাধমূলক সামগ্রী, যা সাইবার জালিয়াতির এক সুসংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি সাইবার ক্রাইম ন্যাশনাল পোর্টালের পক্ষ থেকে বাঁকুড়া জেলাকে সাইবার অপরাধের অন্যতম 'হটস্পট' হিসেবে চিহ্নিত করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত হওয়া কোটি কোটি টাকার সাইবার জালিয়াতির টাকা বাঁকুড়ার বিভিন্ন এটিএম কাউন্টার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হচ্ছিল বলে জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই সংক্রান্ত তথ্য ও সতর্কবার্তা বাঁকুড়া জেলা পুলিশকে দেওয়া মাত্রই নড়েচড়ে বসে প্রশাসন। বাঁকুড়া জেলা পুলিশ সুপার পিভিজি সতীশের নির্দেশিকায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে চিরুনি তল্লাশি শুরু হয়। পুলিশের সাইবার সেল ও স্থানীয় থানার যৌথ অভিযানে জানা যায়, জঙ্গলমহলের রানীবাঁধ ও হিড়বাঁধ ব্লকের বিভিন্ন এলাকায় এই চক্রের শেকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ রানীবাঁধ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে ৪ জন, হিড়বাঁধ ব্লক থেকে ২ জন এবং ওড়িশার বালেশ্বর জেলার ১ জন বাসিন্দাকে গ্রেফতার করে। জেরা ও তল্লাশিতে ধৃতদের কাছ থেকে ৩৪টি ব্যাঙ্ক পাসবুক, ১৩টি এটিএম কার্ড, ৯টি চেকবুক, ১৪টি ভুয়ো পরিচয়পত্র (আধার, প্যান, ভোটার ও ড্রাইভিং লাইসেন্স), ৮টি মোবাইল ফোন, ১টি ট্যাব, ৪২টি সিম কার্ড, ৩টি ইউপিআই স্ক্যানার এবং ১৫টি ফ্ল্যাশ স্ট্যাম্প বা সিলমোহর উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণ মানুষকে ঠকিয়ে হাতিয়ে নেওয়া বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে এদিক থেকে ওদিক সরানোর জন্যই এই বিশাল পরিমাণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা হতো। বর্তমানে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে দেশের অন্য কোনো বড় কোনো গ্যাং বা ভিনরাজ্যের কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জঙ্গলমহলের মতো একটি শান্ত এলাকাকে সাইবার অপরাধের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধের বিরুদ্ধে এই লড়াই আগামী দিনে আরও জোরদার করা হবে।
ট্যাগসমূহ:Nirbhikbangla
