Nirbhik Bangla
প্রযুক্তি

আসানসোলে ধ্বংসের মুখে ঐতিহাসিক স্টিম রোড রোলার

নির্ভীক বাংলা, আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলের ভগত সিং মোড়ের চৌরাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলের দুটি ঐতিহাসিক মার্শাল স্টিম রোড রোলার আজ প্রশাসনের অবহেলায় ধীরে ধীরে ধ্বংসের ...

Abdul Haque
Abdul Haque
২৫ জুন, ২০২৬ এ ১১:৩৬ PM
WhatsApp
আসানসোলে ধ্বংসের মুখে ঐতিহাসিক স্টিম রোড রোলার
নির্ভীক বাংলা, আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলের ভগত সিং মোড়ের চৌরাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলের দুটি ঐতিহাসিক মার্শাল স্টিম রোড রোলার|নির্ভীক বাংলা ফটো

নির্ভীক বাংলা, আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলের ভগত সিং মোড়ের চৌরাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলের দুটি ঐতিহাসিক মার্শাল স্টিম রোড রোলার আজ প্রশাসনের অবহেলায় ধীরে ধীরে ধ্বংসের মুখে। একসময় বাংলার উন্নয়নের চাকা ঘোরানো এই ভারী যন্ত্র দুটি এখন মরিচা ধরা অবস্থায় ঝোপঝাড়ে ঢেকে পড়ে রয়েছে, যা দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। রোড রোলার দুটির চারপাশে এতটাই ঘন ঝোপঝাড় ও জঙ্গল গজিয়ে উঠেছে যে সেখানে পৌঁছনোও কঠিন হয়ে পড়েছে। অথচ ব্যস্ত চৌরাস্তার ধারে থাকা এই ঐতিহাসিক নিদর্শনের দিকে প্রশাসনের নজর নেই বলেই অভিযোগ স্থানীয়দের। উল্লেখ্য, এই জায়গার পাশেই আসানসোল পুরনিগমের উদ্যোগে একটি পার্ক এবং ‘বিশ্ব বাংলা’ স্মারক তৈরি করা হয়েছে। সেখানে দেশের মহান বিপ্লবী শহিদ ভগত সিংয়ের মূর্তিও স্থাপন করা হয়েছে। কিন্তু এলাকার উন্নয়নের সাক্ষী এই ঐতিহাসিক স্টিম রোড রোলার দুটিকে যেন সম্পূর্ণ ভুলে গিয়েছে প্রশাসন। স্থানীয়দের মতে, একসময় এই স্টিম রোড রোলারগুলো রাস্তা ও রেললাইন নির্মাণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই এমন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদকে এভাবে অবহেলায় ফেলে রাখা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এ প্রসঙ্গে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, খুব শীঘ্রই পুরনিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে এই দুটি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা যায়। তাঁর মতে, ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের পুরোনো মেশিন দেখে বুঝতে পারবে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ইতিহাস। জানা গেছে, ইংল্যান্ডে নির্মিত এই মার্শাল স্টিম রোড রোলারগুলোর ওজন প্রায় ৩০ টন। এগুলো তৈরি করেছিল ব্রিটিশ সংস্থা Marshall, Sons & Company, যার প্রতিষ্ঠা হয়েছিল ১৮৪৮ সালে। ব্রিটানিয়া আয়রন ওয়ার্কসের অধীনে পরিচালিত এই সংস্থা একসময় স্টিমচালিত ভারী যন্ত্র তৈরির জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিল। একইভাবে John Fowler & Company সংস্থাও স্টিম রোড রোলার তৈরির জন্য পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে, স্টিম রোড রোলার চালু হওয়ার আগে রাস্তা নির্মাণের কাজে হাতি ও বলদগাড়ি ব্যবহার করা হত। পরে কাঠ ও কয়লার জ্বালানিতে উৎপন্ন বাষ্পের শক্তিতে চালিত স্টিম রোড রোলার ব্যবহারের প্রচলন শুরু হয়। ধারণা করা হয়, ১৮৬৩ থেকে ১৯১৪ সালের মধ্যে ইংল্যান্ড থেকে ভারতের বিভিন্ন এলাকায় রাস্তা ও রেললাইন নির্মাণের কাজে এই ধরনের স্টিম রোড রোলার আনা হয়েছিল। দেশের বহু জায়গায় আজও এগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে। এদিকে আসানসোলে থাকা এই দুটি স্টিম রোড রোলার সংরক্ষণের দাবিতে এখন স্থানীয় মানুষও সোচ্চার। তাঁদের দাবি, দ্রুত উদ্যোগ নিয়ে এই ঐতিহাসিক সম্পদকে সংরক্ষণ করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের প্রযুক্তিগত উন্নয়নের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সাক্ষীকে কাছ থেকে দেখতে পারে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
আসানসোলে ধ্বংসের মুখে ঐতিহাসিক স্টিম রোড রোলার | নির্ভীক বাংলা | নির্ভীক বাংলা