Nirbhik Bangla
আসানসোল

শহরের সৌন্দর্য রক্ষায় আসানসোল পৌরনিগমের বিশেষ উদ্যোগ, ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন নিয়ম

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৩ AM
WhatsApp
শহরের সৌন্দর্য রক্ষায় আসানসোল পৌরনিগমের বিশেষ উদ্যোগ, ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন নিয়ম
Nirbhik Bangla Photo
শ্যাম দাস, আসানসোল: শহরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর এবং বাসযোগ্য করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো। মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, আসানসোল পৌরনিগমের কমিশনার তথা আইএএস অফিসার দিলীপ মিশ্র এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে জানান যে, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পালের নির্দেশ অনুযায়ী ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যের বিভিন্ন পৌর এলাকায় বিভিন্ন অসামাজিক ও অপরিচ্ছন্নতামূলক কাজের জন্য কঠোর জরিমানা ধার্য করা হয়েছে।

শহরকে সুন্দরভাবে গড়ে তোলার এই প্রচেষ্টায় মূলত যেসব বিষয়ের উপর কড়া নজরদারি ও জরিমানা ধার্য করা হয়েছে, তার মধ্যে রয়েছে—নির্দিষ্ট স্থানের বাইরে যত্রতত্র জঞ্জাল বা আবর্জনা ফেলে দেওয়া, খোলা জায়গায় প্রস্রাব করা ও থুতু ফেলা, এবং রাস্তার উপর বাড়ি বা অন্যান্য নির্মাণের কাজে ব্যবহৃত বালি, পাথর, সিমেন্টের মতো কাঁচামাল ফেলে রেখে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো। যারা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শহরের সৌন্দর্যহানি করেন এবং পরিবেশের ক্ষতি করেন, তাদের বিরুদ্ধে এই আর্থিক জরিমানা কার্যকর করা হবে।

এই নতুন নিয়ম এবং জরিমানা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং তাদের সতর্ক করতে ১লা সেপ্টেম্বর আসানসোল পৌরনিগমের কমিশনার দিলীপ মিশ্রের সরাসরি নেতৃত্বে একটি বর্ণাঢ্য সচেতনতা পদযাত্রা বের করা হয়। আসানসোল বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা। এ সময় মিছিলে থাকা আধিকারিক ও কর্মীরা বাজারের সমস্ত দোকানদার, ব্যবসায়ী এবং পথচলতি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং মুখে মাইক প্রচারের মাধ্যমে শহরকে পরিষ্কার রাখার বার্তা দেন। পৌরনিগমের এই উদ্যোগে ব্যবসায়িক মহল ও সাধারণ নাগরিকদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলবে এবং আসানসোল শহর অনেক বেশি পরিচ্ছন্ন হয়ে উঠবে বলেই আশা প্রকাশ করেছেন পৌর কমিশনার।
ট্যাগসমূহ:Nirbhikbangla
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য