Nirbhik Bangla
আসানসোল

মহিলাদের নিরাপত্তায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ 'দুর্গা সুরক্ষা স্কোয়াড'

Abdul Haque
Abdul Haque
২৪ আগস্ট, ২০২৬ এ ০৫:৪৭ AM
WhatsApp
মহিলাদের নিরাপত্তায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ 'দুর্গা সুরক্ষা স্কোয়াড'
Nirbhik Bangla Photo
নির্ভীক বাংলা, আসানসোল: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আসন্ন উৎসবের মরসুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো 'দুর্গা সুরক্ষা স্কোয়াড' বাহিনীর। সোমবার আসানসোলের ঐতিহাসিক শরৎ মঞ্চে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে এই অভিনব ও বিশেষ বাহিনীর যাত্রা শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল,আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র সহ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও বিশিষ্টজনেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপূজা ও উৎসবের দিনগুলিতে শহর ও সংলগ্ন এলাকাগুলিতে কেনাকাটার ভিড় এবং মণ্ডপে দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। বিশেষ করে নারী সুরক্ষা, ইভটিজিং রোধ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করাই এই বাহিনীর প্রধান লক্ষ্য। আধুনিক অস্ত্রশস্ত্র, দ্রুত যোগাযোগের মাধ্যম এবং টহলদারির সুবিধযুক্ত যান নিয়ে প্রস্তুত থাকবে এই দুর্গা সুরক্ষা স্কোয়াড। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, শপিং মল, বাস স্ট্যান্ড এবং পূজা প্যান্ডেলগুলিতে নজরদারি চালাবেন এই বাহিনীর সদস্যরা।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রশাসনিক কাজের উৎকর্ষ এবং থানা প্রাঙ্গণের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন তিনটি থানাকে পুরস্কৃত করা হয়। সেরা ও পরিচ্ছন্ন থানা হিসেবে অন্ডাল, জামুরিয়া এবং পান্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের হাতে বিশেষ সম্মাননা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পুলিশের এই জনমুখী উদ্যোগ এবং থানাগুলির পরিচ্ছন্নতা অভিযানকে উপস্থিত প্রশাসনিক কর্তারা সাধুবাদ জানান।
ট্যাগসমূহ:Nirbhikbangla
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য