সোমনাথ মুখার্জি, অন্ডাল ও শ্যাম দাস, আসানসোল: সাধারণ মানুষের দোরগোড়ায় কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সরাসরি পৌঁছে দিতে এবং প্রশাসনিক কাজ আরও সহজ করতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ উদ্যোগ হিসেবে শুরু হয়েছে 'সেবা সেতু' শিবির। সাম্প্রতিক সময়ে অন্ডালের উখড়া, বারাবনীর পাঁচগাছিয়া এবং জামুড়িয়ার নন্দী রোডের টাউন হলে আয়োজিত এই মেগা শিবিরগুলিতে সাধারণ মানুষের অভূতপূর্ব উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এক ছাদের তলায় বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় আমজনতার দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হচ্ছে।
অন্ডালের উখড়ায় উন্মাদনা:
শুক্রবার অন্ডাল ব্লকের উখড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উখড়া কমিউনিটি হলে আয়োজিত হয় এক মেগা 'সেবা সেতু' শিবির। সকাল গড়ায়নি, তার আগেই কমিউনিটি হল চত্বরে ভিড় জমাতে শুরু করেন এলাকার হাজার হাজার বাসিন্দা। বিশেষ করে মহিলা, প্রবীণ নাগরিক ও যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিবিরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, কিষাণ সম্মান নিধি, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত নানা পরিষেবার আবেদন গ্রহণ ও সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে নিজেদের নাম নথিভুক্ত করান উপভোক্তারা।
উপস্থিত এক উপভোক্তা আনন্দ প্রকাশ করে জানান, সরকারি কাজের জন্য বারবার ব্লক অফিসে দৌড়াদৌড়ি করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হতো। কিন্তু বাড়ির সামনে এমন উদ্যোগের ফলে একই ছাদের তলায় একাধিক প্রকল্পের আবেদন করার সুযোগ মিলল। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে সরকারি উন্নয়নমূলক পরিষেবা স্বচ্ছ ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল লক্ষ্য। ভিড় সামলাতে এবং বয়স্কদের সুবিধার্থে স্বেচ্ছাসেবকদের তৎপরতাও ছিল নজরকাড়া। দিনভর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উখড়ার সেবা সেতু শিবিরটি এক প্রকার জনজোয়ারে রূপ নেয়।
পাঁচগাছিয়ায় 'সেবা সেতু ক্যাম্প':
অন্যদিকে, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বারাবনী ব্লকের পাঁচগাছিয়া রাজিও চৌক এলাকায় শুরু হয়েছে ‘সেবা সেতু ক্যাম্প’। এই ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা সম্পর্কে যেমন সচেতন করা হচ্ছে, তেমনই প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হচ্ছে।
পাঁচগাছিয়ায় আয়োজিত এই সেবা শিবিরে উপস্থিত ছিলেন বারাবনী ব্লকের বিডিও, বারাবনী বিধায়ক অরিজিৎ রায়, বারাবনী মণ্ডল সভাপতি সোনা ব্যানার্জি, উজ্জ্বল ধীবর, গান্ধী নোনিয়া, শুভেন্দু উপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা ও সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি প্রশাসনের দ্বারস্থ হওয়ার সুযোগ পান। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে, কী কী নথিপত্র প্রয়োজন এবং কোথায় যোগাযোগ করতে হবে—সেই বিষয়ে সাধারণ মানুষকে বিস্তারিত সহযোগিতা করা হয়।
বিধায়ক অরিজিৎ রায় জানান, সরকারি পরিষেবা যাতে মানুষের কাছে পৌঁছাতে কোনো ধরনের বাধা না আসে, সেই লক্ষ্যেই এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ যাতে নিজেদের এলাকাতেই সরকারি পরিষেবা সংক্রান্ত সহায়তা পান, সেই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাঁচগাছিয়ায় এই ক্যাম্প শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।
জামুড়িয়ায় তিন দিনের বিশেষ শিবির:
রাজ্য ও কেন্দ্র সরকারের সমন্বিত প্রচেষ্টায় ‘সেবা সেতু অভিযান’-এর আওতায় জামুড়িয়াতেও শুরু হয়েছে বিশেষ পরিষেবা শিবির। শুক্রবার অভিযানের প্রথম দিনেই জামুড়িয়ার নন্দী রোড সংলগ্ন টাউন হলে শিবিরকে ঘিরে দেখা গেল সাধারণ মানুষের ব্যাপক ভিড় ও উদ্দীপনা।
এদিনের এই বিশেষ শিবিরে খাদ্য সরবরাহ দফতর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, শ্রম দফতর, ব্যাংক, সৌরশক্তি সংক্রান্ত পরিষেবা, বার্ধক্যভাতা থেকে শুরু করে স্বাস্থ্যবিমা-সহ একাধিক বিষয়ে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। শিবিরের সার্বিক গুরুত্ব তুলে ধরে বিজেপির জেলা সহ-সভাপতি সন্তোষ সিং বলেন, এই শিবির সাধারণ মানুষ ও সরকারের মধ্যে যোগাযোগের একটি শক্তপোক্ত সেতু হিসেবে কাজ করবে। তিন দিন ধরে চলা এই শিবিরে সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। আগে জমা দেওয়া আবেদন সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে নতুন আবেদনপত্র পূরণ এবং বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে মানুষকে সবরকম সহযোগিতা করা হচ্ছে।
তবে এই শিবিরের ফাঁকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে কিছুটা বিভ্রান্তি লক্ষ্য করা যায়। আয়োজকদের তরফে স্পষ্ট করে জানানো হয় যে, এই শিবিরে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন নেওয়া হচ্ছে না। তবে যেসব মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন, কিন্তু কোনো কারণে এখনও প্রকল্পের আর্থিক সহায়তা পাননি, তাঁরা নির্দিষ্ট সমস্যার বিষয়ে এই শিবিরে এসে যোগাযোগ করতে পেরেছেন। সবমিলিয়ে, এই বহুমুখী সেবা শিবিরগুলি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আগামী দিনেও এই ধরনের জনমুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলেই আশা করা হচ্ছে।
রাজনীতি
এক ছাদের তলায় সমস্ত পরিষেবা: পশ্চিম বর্ধমান জুড়ে 'সেবা সেতু' শিবিরে জনতার ঢল

