আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ রানিগঞ্জের নারায়ণকুড়ি এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। খেলার মাঠে যুবসমাজকে উৎসাহ জোগানোর পাশাপাশি এই মঞ্চ থেকেই তিনি রাজনৈতিক আক্রমণ শানান এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মুখ খুলেন।
অনুষ্ঠানের শুরুতেই তিনি বর্তমান সরকারের উন্নয়নের রূপরেখা তুলে ধরে জানান যে, রাজ্যে এমন একটি সরকার প্রতিষ্ঠিত রয়েছে যা সর্বতোভাবে সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্রতী। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন যে, কিছু বিরোধী শক্তি ও কুচক্রী মহল সরকারের এই জনমুখী পদক্ষেপে পদে পদে বাধা সৃষ্টি করছে। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট রোধে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, যখনই সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের শৃঙ্খলা ফেরানোর কাজ করা হচ্ছে, তখনই একটি বিশেষ মহল সরকারের সমালোচনা করে একে অমানবিক আখ্যা দিচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
বিগত পাঁচ দশকের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসকে কাঠগড়ায় তুলে অগ্নিমিত্রা পাল গুরুতর অভিযোগ করেন যে, বিগত ৫০ বছরে দীর্ঘ শাসনকালের জাঁতাকলে পিষে বাংলাকে প্রায় ১০০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। তাঁর দাবি, বিরোধীরা এখনও নেতিবাচক রাজনীতি চালিয়ে যাচ্ছে এবং তারা চায় না বর্তমান সরকার সফলভাবে কাজ হোক, যাতে বাংলা আবার অন্ধকার যুগে ফিরে যায়। তবে রাজ্যবাসীর স্বার্থে সেই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় হুঁশিয়ারি দেন।
তৃণমূল কংগ্রেসের বিগত আমলের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সেই সময়ে দুর্নীতি এবং নানা ধরনের অবৈধ কার্যকলাপ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। সেই সিন্ডিকেটের জাল এতটাই বিস্তার লাভ করেছিল যে তৃণমূলের স্থানীয় নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরাও তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। দীর্ঘদিনের জঞ্জাল ও দুর্নীতির শিকড় সমাজের গভীরে প্রবেশ করেছে এবং তা এক লহমায় উপড়ে ফেলা অসম্ভব হলেও, বর্তমান সরকার সমস্ত জঞ্জাল পরিষ্কার করে স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর বলে তিনি দৃঢ় মত প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা ও অপরাধ দমন প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল একেবারে অনমনীয় মনোভাব প্রদর্শন করে বলেন, “এটি অতীতের মতো অপরাধপ্রবণ সরকারের আমল নয়, যারা অপরাধীদের সঙ্গে আপস করে চলত। এটি বিজেপি শাসিত সরকার, যেখানে অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়।” অপরাধী যেই হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও তিনি এদিন স্পষ্ট বার্তা দেন।
খেলা
এমএলএ কাপের উদ্বোধনে নেমে খেলা ও রাজনীতি দুই ময়দানেই ঝড় তুললেন অগ্নিমিত্রা পাল

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
